কঠিন সময় অতিক্রমকে স্মরণ করে মানুষের প্রতি সহমর্মী হোন, একদলীয় চিন্তা বাদ দেন: মঞ্জু
মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা স্পষ্ট করে বলছি যে পুরোনো চিন্তাভাবনা বাদ দিয়ে যে কঠিন সময় আপনারা অতিক্রম করছেন সেটাকে স্মরণ করে মানুষের প্রতি সহমর্মি হোন, একদলীয় চিন্তা বাদ দেন। ফেনীতে যেসমস্ত নির্যাতন, নীপিড়ন হয়েছে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করুন। অন্যথায় আমরা অতীতে যত ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে সংগ্রাম করেছি আমরা সেটা অব্যাহত রাখবো।
ফেনীতে এবি পার্টির আয়োজনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের রয়েল স্যালমন রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময়ে তিনি আরো বলেন, নির্বাচনে যারা আমাদের জন্য কাজ করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয়ভাবে আমাদের যে অবস্থান আছে সেটা যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের গুরুত্বটা এখানে বাড়বে। কিন্তু দল যদি শক্তিশালী না হয় তাহলে অবস্থান আগেরটাই থাকবে। আমাদের দলকে শক্তিশালী ও মজবুত করতে হবে। দলকে এগিয়ে নিতে হবে।
এসময় এবি পার্টির ফেনী জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এনসিপির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এবি পার্টির জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম সদস্য সচিব রিজওয়ানুল খায়ের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।