নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানো স্বাভাবিক বিষয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া যেন অব্যাহত থাকে সেটিই তিনি প্রত্যাশা করেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি নিয়োগ পেয়েছিলেন এবং নতুন সরকার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী দায়িত্বে পরিবর্তন এনেছে। পদত্যাগের বিষয়ে আলোচনা হলেও ভুল বার্তা এড়াতে তিনি পদত্যাগ করেননি বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিচার কার্যক্রম নিয়ে শঙ্কার কারণ নেই এবং ছাত্রজনতা ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের স্বার্থে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। ট্রাইব্যুনালে উপস্থাপিত যুক্তি ও প্রমাণ বিশ্বের যেকোনো আদালতেই সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব ছাড়ার পর সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে নিজ পেশায় ফিরে যাবেন বলেও জানান।