রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফেনীর ড. হারুন
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এর ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) নির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান এমবিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. হারুন অর রশিদ। তিনি ফেনী ফোরাম ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনী সমিতি ঢাকার কার্যনির্বাহী সদস্য।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান ড. আলী আফজাল। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের ভোটার সংখ্যা ৬৭৩ জন। এবারের নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ৫৭০ জন ভোটার। এর মধ্যে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. হারুন অর রশিদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার শেখ সাহেব উদ্দিন থেকে ৮২ ভোট বেশি পেয়ে তিনি নির্বচিত হন। ড. হারুন রিহ্যাবের বিদায়ী পরিচালনা পর্ষদেও পরিচালকের দায়ীত্ব পালন করেছেন।
ড. মো. হারুন অর রশিদের জন্ম ফেনী সদর উপজেলার ইজ্জতপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। ড. হারুন ছাত্রজীবন থেকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি ফেনী ফোরাম ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফেনী সমিতি ঢাকার কার্যনির্বাহী সদস্যসহ অনেকগুলো স্থানীয় ও জাতীয় সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়া লেখালেখি এবং গবেষণাও করের ড. হারুন অর রশিদ। সম্প্রতি বাংলাদেশের অর্থনীতিতে আবাসন সেক্টরের অবদান নিয়ে তার নেতৃত্বে করা একটি গবেষণা বেশ আলোচিত হয়েছে। তার লেখা বেশ কয়েকটি বইও রয়েছে বাজারে।