সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মেডিকেল প্রতিষ্ঠার দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখ্যানের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বেলা ১১ টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে সুনাগরিক ফোরাম। প্রবীণ সাংবাদিক আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে, সুনাগরিক ফোরামের সংগঠক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় এতে কয়েক শতাধিক স্থানীয় নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বেলা ১২ টার দিকে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফেনী জেলা জামায়াতে ইসলামী। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা জামায়াতের আমীর মুফতী আব্দুল হান্নান। বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবী। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি করে গেছেন কিন্তু সরকার গঠনের পর তা বাস্তবায়নে গড়িমিসি হচ্ছে। ফেনীবাসীর দাবী পুরণ না হলে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর আন্দোলনের কর্মসূচির হুশিয়ারিও দেন মানববন্ধনকারীরা৷

একই দাবীতে বিকাল ৪ টায় শহীদ মিনার প্রাঙ্গণের মানববন্ধনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।