শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পরিচয়ে সীমান্ত অতিক্রম করে অবস্থান পরিবর্তন করতেন বলেও জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর অবশেষে বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তার গ্রেপ্তারের মাধ্যমে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন সেনাবাহিনীর প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।