ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, ৩৬ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩
ফেনীতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ফেনী পৌর শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ফেনী শহরের মাস্টারপাড়া ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে শহরের মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন ফেনীর দাগনভুঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম ফেনীর টাইমস.কমকে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে খবর পেয়ে পুলিশ মাস্টারপাড়া এলাকায় তল্লাশি করে তিনজনকে আটক করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে।