রামিসা হত্যার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত এ মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডে ন্যায় বিচার দাও, সমাজ বাচাঁও, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নারীকে মানুষ ভাবতে শিখুন বস্তু নয়, আ্যন্ড রেপ কালচার, এভরি ভিকটিম ডিজার্ভস জাস্টিস, সেফটি ইজ এ রাইট, নট এ প্রিভিলেজ, রেইজ ইওর ভয়েস এগেইনস্ট ভায়োলেন্স, স্টপ রেপ, এনসিওর জাস্টিস, ডিলেইড জাস্টিস ইজ ডিনাইড জাস্টিস, নো মোর সাইলেন্স এগেইনস্ট রেপ নানা স্লোগানে নারীর নিরাপত্তা, ন্যায়বিচার ও সহিংসতার বিরুদ্ধে জোরালো বার্তা তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করে বলেন, ছোট্ট শিশু রামিসা ধর্ষকের পাশবিক হাত থেকে রেহাই পায়নি। তাকে নির্মমভাবে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা মানবতার চরম অবক্ষয় ও সমাজের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত। তারা বলেন, এমন জঘন্য অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো. মোস্তাফিজুর রহমান, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপু, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, ছাত্র উপদেষ্টা সুদীপ দাস, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রভাষক তানজিলা মুবাশ্বিরা, ল স্টুডেন্টস' ফোরামের সাধারণ সম্পাদক এমএ আরাফাত, ল ব্লাড সেলের সাধারণ সম্পাদক মো. আরফান হোসেন।
এতে সঞ্চালনা করেন ল মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মহিবুল হক শাফি।