মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত, গুরুতর আহত

ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আফতাহি হোসেন তাহি (২০)।
রোববার (১৮ মে ২০২৬) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত তাহি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। এছাড়া ঘটনায় আহত হয়েছেন মোঃ জাবেদ (২৩) নামের আরও এক যুবক। তিনি পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বগইড় এলাকার খুরশিদ ও মারুফ নামের দুই ব্যক্তি অস্ত্র দিয়ে তাহি ও জাবেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন।
পরে সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর আহত জাবেদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, “পাঁছগাছিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”