ফেনীর ছাগলনাইয়া খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
ফেনীর ছাগলনাইয়ায় চলমান এসএসসি পরীক্ষার শেষ দিনে, হলে খাতা দেখতে না দেওয়ার জেরে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার ‘বাংলা বাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয়’ পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থী কাজী আহমেদ আশ্রাফী নাবিল হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও মোটবী ইউনিয়নের বেত্রাবাগ শিলুয়া গ্রামের কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত শিক্ষার্থী রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও পাঠাননগর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। অভিযুক্ত রাকিব ও আহত নাবিল একই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার প্রথম দিন থেকেই নাবিলের পেছনের বেঞ্চে সিট পড়েছিল রাকিবের। প্রথম দিনের পরীক্ষায় রাকিব জোরপূর্বক নাবিলের খাতা দেখতে চাইলে নাবিল তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ওইদিনই কেন্দ্রের বাইরে নাবিলকে গালিগালাজ ও ক্ষোভ প্রকাশ করে রাকিব।
আজ রোববার ছিল এসএসসির শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে হল থেকে বের হওয়া মাত্রই পূর্ব শত্রুতার জেরে রাকিবসহ আরও ৭-৮ জন যুবক নাবিলের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
আহত পরীক্ষার্থী নাবিল বলেন, প্রথম দিন খাতা দেখতে না দেওয়ায় রাকিব বাইরে এসে আমাকে গালিগালাজ করেছিল। আজ পরীক্ষা শেষ করে বের হতেই ও (রাকিব) আর ওর সাথে থাকা ৭/৮ জন ছেলে আমাকে মারতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই পিঠে ছুরি মেরে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নাবিলকে উদ্ধার করে প্রথমে বাংলা বাজার এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
নাবিলের মা নার্গিস আক্তার বলেন, আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আমরা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে