সোমবার, ২৫ মে ২০২৬

ফেনীর ফুলগাজীতে এক নারীকে ধ/র্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ফেনীর ফুলগাজী উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াছিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াছিন পূর্ব বসন্তপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও এজাহারসূত্রে জানা যায়, প্রায় ১৪ থেকে ১৫ দিন আগে মোবাইল ফোনে অভিযুক্ত ইয়াছিনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ইয়াছিন তাকে বিয়ের প্রস্তাব দেন। শুক্রবার ওই নারী ঢাকা থেকে বাসযোগে ফেনীর মহিপালে আসেন। পরে ইয়াছিনের নির্দেশনা অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশায় ফুলগাজীর কিশমতাদী বাজারে যান। সেখান থেকে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে ভুক্তভোগী জানতে পারেন, ইয়াছিন বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ি ফিরে যেতে চান এবং গাড়ির ব্যবস্থা করে দিতে বলেন।


এজাহারে উল্লেখ করা হয়, রাত ১২টার দিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইয়াছিন তাকে নিয়ে বের হন। পরে রাত ২টার দিকে আমজাদহাট এলাকার সরকার ব্রিকফিল্ডের কাছে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে একটি নির্জন স্থানে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় ভুক্তভোগী ফুলগাজী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।