শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফেনীতে পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে সংঘর্ষ, যুবক আহত—আটক ১

ফেনীতে পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে দুই মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে মো. ফাহিম (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাঈদুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই এলাকার আবদুল খালেক এন্ড সন্স ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আহত ফাহিম দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া নয়টার দিকে ফাহিম তার এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে তেল নিতে যান। লাইনে দাঁড়ানোর সময় পেছন থেকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেন। এর প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফাহিম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।


প্রত্যক্ষদর্শী জাবেদ হোসেন বলেন, আমরা সিরিয়ালে দাঁড়িয়ে ছিলাম। পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ এসে সরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আবার তারা আমাদের ওপর হামলা চালায়। তারা ফাহিম ভাইয়ের মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয়।

ফাহিমের বন্ধু সাগর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি ন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফাহিমের মা কহিনুর বেগম বলেন, ছেলে ইন্টার্নিং সার্টিফিকেট আনতে চট্টগ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মোটর সাইকেল নিয়ে চট্রগ্রাম যাবে এজন্য আমার কাছ থেকে ১৫০০ টাকা নিয়ে তেল নিতে গিয়ে এমন ঘটনার শিকার হয়েছে। তার চিকিৎসার খরচ চালানোর মতো আমাদের সামর্থ্য নেই। আমার ছেলেকে যারা এমন নির্দয়ভাবে মেরেছে আমি তাদের বিচার দাবি করছি। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, মাথায় আঘাতের কারণে ফাহিম অচেতন ছিলেন এবং কয়েকবার বমি করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আহতের পরিবার থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।