শুক্রবার, ২৯ মে ২০২৬

ফেনীতে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে ট্রাকচালক নিহত

ফেনীতে কাভার্ডভ্যানের সাথে  সংঘর্ষে মালবাহী একটি  ট্রাকের চালক নিহত হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের মালিক বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫)। 
 
সোমবার বিকালে মহাসড়ক পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত  ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
 
আহত জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, 'আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাচ্ছিলেন। গাড়ির চালকের নাম জানা নেই'। 
 
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, আহতের ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
 
মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদ বলেন,নিহতের  মরদেহ ফেনী জেনারেল  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।