শুক্রবার, ২৯ মে ২০২৬

দাগনভূঁঞা পৌরসভায় ১০০০ পরিবারের মাঝে ঈদ উপহার ও ফুড প্যাকেট বিতরণ

দাগনভূঁঞা পৌরসভার প্রায় ১০০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার ও ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাই প্রবাসী, ফেনী প্রবাসী ফোরাম ইউএই-এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম আযম সুমনের অর্থায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় দাগনভূঁঞা আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম ও সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং দাগনভূঁঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক।

পৌরসভা আমীর মাওলানা কামরুল আহসানের সভাপতিত্বে এবং পৌরসভা সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঁঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর এ.এস.এম নুর নবী দুলাল, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর নজির আহম্মদ, কাউন্সিলর কামাল হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর নবী রুবেল এবং পৌরসভার কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবানদের এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার গোলাম আযম সুমন এর আগেও দাগনভূঁঞা পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুষ্ঠান শেষে দাগনভূঁঞা পৌরসভার প্রায় ১০০০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও ফুড প্যাকেট বিতরণ করা হয়।