ফেনীতে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন: মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেপ্তার
ফেনী সদর থানায় দায়ের করা ৪ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. মিলন হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২০ জুন) ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৩, রংপুরের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মো. মিলন হোসেন লালমনিরহাটের পাটগ্রাম থানার শ্রীরামপুর এলাকার মো. সফর উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ফেনী সদর থানায় গত ৩০ মে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের (১০ ধারা) মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মিলন গ্রেপ্তার এড়াতে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় আত্মগোপনে আছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৩-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ মে ফেনী সদর থানায় শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগে মামলাটি (মামলা নং-৭৬) দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিলেন।